অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা

নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা না দেওয়ায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি জারি করা বিএসইসির আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত তিন মাসের মধ্যে জমা দিতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। এর আগের বছরও একই ধরনের ব্যত্যয় ঘটেছিল। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ের প্রায় এক মাস পর, ২৭ অক্টোবর জমা দেওয়া হয়।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ৩৩(৩) অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে নিরীক্ষিত আর্থিক বিবরণী কমিশন, ট্রাস্টি ও কাস্টডিয়ানের কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অ্যালায়েন্স ক্যাপিটালের দুই বছরের ব্যত্যয়কে এ বিধির লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে বিএসইসি।

কমিশনের আদেশে বলা হয়েছে, আইন ও বিধি যথাযথভাবে পরিপালনে ব্যর্থ হওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে ওই ধারায় দেওয়া ক্ষমতাবলে অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ১৬ জানুয়ারি বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ অ্যালায়েন্স ক্যাপিটালের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চায়। জবাবে প্রতিষ্ঠানটি জানায়, কমিশনের চলমান তদন্তের কারণে তাদের ব্যবস্থাপনায় থাকা এমটিবি ইউনিট ফান্ড ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের লেনদেন স্থগিত ছিল। এ কারণে ফান্ড দুটির নিরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। একই কারণে নিজেদের আর্থিক বিবরণীর নিরীক্ষাও নির্ধারিত সময়ে শেষ করা যায়নি বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে গত ২৯ জুন অনুষ্ঠিত শুনানিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার আসাদুল ইসলাম এবং হেড অব রিসার্চ আশিক রায়হান লিখিত ব্যাখ্যা দেন। এতে দুই মিউচ্যুয়াল ফান্ডের ওপর বিধিনিষেধের কারণে অডিট, কর ও ভ্যাট পরিশোধ, আরজেএসসিতে ফাইলিং, বার্ষিক সাধারণ সভা এবং লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কার্যক্রম সময়মতো করা যায়নি বলে দাবি করা হয়। তবে প্রতিষ্ঠানটির এসব ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি বিএসইসি। কমিশনের মতে, অ্যালায়েন্স ক্যাপিটালের বক্তব্যেই নির্ধারিত সময়ে আর্থিক বিবরণী দাখিল না করার বিষয়টি প্রতীয়মান হয়েছে।

আদেশ অনুযায়ী, জরিমানার ৫ লাখ টাকা জারির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বিএসইসির অনুকূলে জমা দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।