Header – After

রূপালী ইনস্যুরেন্সের সিইও নিয়োগ বাতিল

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রূপালী ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফৌজিয়া কামরুন তানিয়ার নিয়োগ প্রস্তাব বাতিল করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সোনালী লাইফ ইনস্যুরেন্সের পরিচালক ও ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি পরিচালনা পর্ষদের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকা তছরুপ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে সম্প্রতি আইডিআরএ রূপালী ইনস্যুরেন্সকে তাঁকে সিইও হিসেবে নিয়োগ না দেওয়ার নির্দেশ দেয়।

এ বিষয়ে আইডিআরএর পরামর্শক সাইফুন্নাহার সুমি বলেন, কর্তৃপক্ষ ফৌজিয়া কামরুন তানিয়াকে রূপালী ইনস্যুরেন্সের সিইও হিসেবে নিয়োগের প্রস্তাব নামঞ্জুর করেছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত নিরীক্ষায় সোনালী লাইফ ইনস্যুরেন্সে প্রায় ১৮৭ কোটি টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে। পরবর্তীতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে সাবেক চেয়ারম্যান, সাত পরিচালক, ভারপ্রাপ্ত সিইওসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ৩৫৩ কোটি টাকা তছরুপের প্রমাণ পাওয়া যায়। এই তালিকায় ফৌজিয়া কামরুন তানিয়ার নামও রয়েছে। এরপর চলতি বছরের এপ্রিলে সোনালী লাইফের পরিচালনা পর্ষদকে সাময়িকভাবে বরখাস্ত করে আইডিআরএ। এছাড়া, বিএফআইইউর প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতে পাঠানো হলে দুদক ফৌজিয়া কামরুন তানিয়া সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে কোম্পানির ভারপ্রাপ্ত সিইও ফৌজিয়া কামরুন তানিয়া জানান, একটু পরে জানাচ্ছি।এরপর কয়েকবার ফোন করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।