অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় মোবাইল অপারেটর গ্রামীণফোনকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বিটিআরসি। এ জরিমানার অর্থ ১০ দিনের মধ্যে পরিশোধ করতে প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি পাঠানো ওই নোটিশে নির্ধারিত সময়ের মধ্যেই টাকা পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, গ্রামীণফোন নিজস্ব নেটওয়ার্কে অবৈধ কল প্রতিরোধে বাধ্যতামূলক সেলফ রেগুলেটরি প্রসেস এবং টেলিকম ফ্রড ম্যানেজমেন্ট ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, সেলুলার মোবাইল সার্ভিসেস গাইডলাইন এবং অপারেটরের লাইসেন্সের একাধিক শর্ত লঙ্ঘন হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার একটি মামলার অভিযানে ১৬৪টি এবং চট্টগ্রামের হালিশহর থানার আরেকটি মামলার অভিযানে ২০টি সিম জব্দ করা হয়, যেগুলোতে অবৈধ ভিওআইপি কার্যক্রম চলছিল। বিটিআরসির হিসেবে, প্রতি অবৈধ সিমের জন্য ১০ হাজার টাকা হারে মোট ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, প্রতিষ্ঠানটি দেশের আইন ও বিটিআরসির সব নির্দেশনা মেনে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি জানান, বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের সঠিক নিবন্ধন নিশ্চিত করা হয় এবং প্রতারণামূলক ভিওআইপি কার্যক্রম ঠেকাতে বিটিআরসি নির্ধারিত স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা হয়। তবে কোনো গ্রাহক তার নিবন্ধিত সংযোগ অবৈধ কাজে ব্যবহার করলে সে দায় সংশ্লিষ্ট গ্রাহকের ওপর বর্তায়—এ ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা জরুরি বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে গ্রামীণফোনের আলোচনা চলমান রয়েছে।
বিটিআরসির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এক অভিযানে গ্রামীণফোনের ১ হাজার ৬৪০টি সিম উদ্ধার করা হয়েছিল। ২০২২ সালে অবৈধ ভিওআইপির কারণে তাদের ৯৯ লাখ ৬২৫ টাকা জরিমানা করা হয়েছিল। আর সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের সময় অবৈধ ভিওআইপি কারবারের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির জন্য গ্রামীণফোনকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।
** অবৈধ ফোন বিক্রিতে সুবিধা দিচ্ছে গ্রামীণফোন
** গ্রামীণফোনের সামনে চাকরিচ্যুতদের বিক্ষোভ, ন্যায্য পাওনার দাবি
** গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য ১৭০% নগদ লভ্যাংশ!
** গ্রামীণফোন: ১৬ কোটি টাকার উপর করফাঁকি ৬.৪৩ কোটি টাকা
** অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ভ্যাট দিচ্ছে না গ্রামীণফোন
** গ্রামীণফোন ‘অজুহাত’ দেখিয়ে ভ্যাট দেয়নি
** ই-সিগারেটের প্রচারণায় গ্রামীণফোন!
** গ্রামীণফোনের ৭ কোটি টাকা ভ্যাট ফাঁকি
** সিমের মালিকানা পরিবর্তনে ‘মশকরা’ গ্রামীণফোনের
** এক অভিযোগ নিষ্পত্তিতে গ্রামীণফোনের ‘৯ মাস’ পার
** কৌশলে গ্রামীণফোনের ৬.৪৩ কোটি টাকা কর ফাঁকি
