‘অবৈধ-চোরাচালান ও ক্লোন ফোন বন্ধ করা হবে’

ফয়েজ আহমদ তৈয়্যব

দেশের নেটওয়ার্কে ক্লোনকৃত, অবৈধভাবে আমদানি করা ও চোরাচালান ফোন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি স্পষ্ট করে জানিয়েছেন—এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৯ নভেম্বর) বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অবৈধ মোবাইল ফোনের সঙ্গে সিমের ভুল নিবন্ধন, সিম জটিলতা ঘিরে নানা ধরনের অপরাধ, জুয়ার লিংক ও এমএলএম প্রতারণার বাল্ক এসএমএস পাঠানো এবং ভুলভাবে এমএফএস অ্যাকাউন্ট খোলা—এসব অপরাধ জড়িত থাকে। পাশাপাশি অনলাইন জুয়া ও স্ক্যামিং, ক্লোন মোবাইল ব্যবহারসংক্রান্ত অপরাধ, প্যাটেন্ট ও প্রযুক্তিগত রয়্যালটি ফাঁকি, আয়কর ও শুল্ক ফাঁকি, ভারত-চীন থেকে অবৈধ আনবক্সড ফোন আনা, বিমানবন্দরের লাগেজ পার্টি ও সীমান্ত চোরাচালান—সব মিলিয়ে এসব কর্মকাণ্ড স্থানীয় মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, এগুলো নিয়ন্ত্রণ করা দরতার। কারণ নাগরিক, সমাজ, অর্থনীতির ও রাষ্ট্রের বহু স্তরের নিরাপত্তা এবং সুরক্ষার নানাবিধ বিষয় জড়িত এখানে। এর জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিডা, মোবাইল ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং খাত, বিএফআইইউ এবং এনবিআর-এর ক্রমাগত অনুরোধ আছে আমাদের উপর। উপরন্তু মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ট্যাক্স ফাঁকি দিয়ে এক বছর আগেই কোটি সংখ্যক মোবাইল ফোন এনে দেশকে অবৈধভাবে ডাম্পিং করে ফেলার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আমরা সুস্পষ্টভাবে বলছি, কোনো মোবাইল ব্যবসায়ী বা দোকানিদের ব্যবসা নষ্ট করা হচ্ছে না, তারা দেশীয় উৎপাদকদের এবং বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন বিক্রি করবেন, সৎপথে ব্যবসা করবেন। তিনি আরও বলেন, বর্তমানে একটি আইএমইআই কোডের বিপরীতে লাখ লাখ মোবাইল ফোন বানিয়ে দেশে নিয়ে আসা হচ্ছে। এনইআইআর চালু হলে যা আর সম্ভব হবে না, এজন্য এনইআইআর বন্ধে মাফিয়া চক্র উঠেপড়ে লেগেছে। এসব লাগেজ পার্টি, ভুয়া এইচএস কোড, সীমান্ত চোরাচালানি, কেজি দরে আমদানির দিন শেষ করতে এর সঙ্গে জড়িত সব ধরনের ডিজিটাল অপরাধ বিস্তারে লাগাম টানা হবে। এখানে কোনো ছাড় নয়। ইতোমধ্যে বিটিআরসিতে আলোচনা করা হয়েছে আমদানি শুল্ক কমাতে এনবিআরকেও চিঠি দেওয়া হয়েছে।

দ্রুতই এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বরের আগে অ্যাকটিভ সবগুলো মোবাইল ফোন বৈধ হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া হবে। ভারত বা অন্যদেশে এভাবে গণহারে বিদেশি মোবাইল ফোন ঢুকে না। অবৈধভাবে আমদানি করে বা চোরাই মোবাইল ফোন এনে হাইএন্ড মোবাইল ফোনের দাম কমাতে হবে, এটা মানতে রেগুলেটর হিসেবে বিটিআরসি বাধ্য নয়। প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে একটি বা দুটি মোবাইল ফোন ফ্রি আনবেন, নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন। কোনো ঝামেলা হবে না। দুটির বেশি মোবাইল ফোনের ক্ষেত্রে এনবিআরের আলাদা নিয়ম রয়েছে। রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতিগুলো কীভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায়, সে বিষয়ে পাওয়া যৌক্তিক পরামর্শ গুরুত্ব সহকারের আমলে নেওয়া হচ্ছে বলেও বিশেষ সহকারী মন্তব্য করেন।

** অবৈধ মোবাইল বন্ধে এনইআইআর চালু হচ্ছে