অনলাইন জুয়ায় রুখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, সদিচ্ছা

বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন, সহজেই অর্থ লাভের প্রলোভনে সমাজে বাড়ছে অনলাইন জুয়ায় আসক্তি। শহর-গঞ্জ ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও অনলাইন জুয়ার ফাঁদে সর্বস্ব হারাচ্ছে বহু তরুণ, বৃদ্ধ, যুবা ও তাদের পরিবার। এ অবস্থায় অনলাইন জুয়া বন্ধে কঠোর নজরদারি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগ এবং সব মহলের সচেতনতা, সদিচ্ছার কোনো বিকল্প নেই।

অর্থ, সম্পদ এবং মানসিক শান্তি-সবই কেড়ে নেয় জুয়ায় আসক্তি

মনোবিজ্ঞানীদের মতে, অনলাইন জুয়া মাদকাসক্তির চেয়েও ভয়াবহ হতে পারে। এটি মস্তিষ্কে এমন এক রাসায়নিক উত্তেজনা তৈরি করে, যা মানুষকে বারবার বাজি ধরতে বাধ্য করে। শুরুতে সামান্য লাভের মুখ দেখলেও শেষ পর্যন্ত হারতে থাকে। এই হারানো টাকা ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা তাদের আরও ঋণের সাগরে ডুবিয়ে দেয়।

টাকা হারানোর চেয়েও বড় ক্ষতি হয় মানসিক শান্তিতে। জুয়ায় আসক্ত ব্যক্তি সবসময় অস্থিরতা, মিথ্যা বলার প্রবণতা এবং তীব্র হতাশায় ভোগেন। অনেক ক্ষেত্রে এই অবসাদ তাদের আত্মঘাতী বা চরম পথ বেছে নিতেও প্ররোচিত করে। কেবল ব্যক্তি নয়, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবারে; স্বজনদের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি সামাজিক আস্থা ও ব্যক্তি মর্যাদাকেও ধূলিসাৎ করে দেয়।

সংসারে অশান্তি ও অপরাধে জড়িয়ে পড়া

অনলাইন জুয়া কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। স্ত্রীর গয়না চুরি, মা-বাবার জমানো টাকা আত্মসাৎ, জরুরি চিকিৎসার খরচ কিংবা সন্তানের পড়ার খরচ বাজি ধরা তাদের নিত্যদিনের চিত্র। জুয়াড়ির ঘরে শান্তি বলে কিছু থাকে না; প্রতিনিয়ত ঝগড়া, অবিশ্বাস আর সামাজিক লাঞ্ছনা তাদের সঙ্গী হয়। অনেক শিক্ষিত তরুণও এই নেশায় পড়ে জড়িয়ে পড়ছে চুরি বা ছিনতাইয়ের মতো অপরাধে।

কঠোর শাস্তি

অনেকের ধারণা অনলাইন জুয়া খেললে কেউ তাদের ধরতে পারবে না। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিটি কাজের ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ থেকে যায়, যা শনাক্ত করা সম্ভব। বাংলাদেশ সরকারের আইনি নিয়ম অনুযায়ী অনলাইন জুয়া বা বেটিংয়ের জন্য রয়েছে কঠোর শাস্তি:

** বিনা পরোয়ানায় গ্রেপ্তার: প্রকাশ্যে বা অনলাইনে কাউকে জুয়া খেলতে দেখলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে।
** জব্দ ও বাজেয়াপ্ত: জুয়ায় ব্যবহৃত সমস্ত সরঞ্জাম এবং টাকা সরকার বাজেয়াপ্ত করতে পারে।
** কারাদণ্ড ও জরিমানা: জুয়া খেলার অপরাধে ২ বছর পর্যন্ত জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত বড় অংকের জরিমানা হতে পারে।

সমন্বিত প্রতিরোধ

অনলাইন জুয়ার এই ভয়াল গ্রাস থেকে সমাজকে বাঁচাতে প্রয়োজন সরকার, প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি কর্তৃপক্ষের সমন্বিত ও কঠোর পদক্ষেপ। পাশাপাশি, রাষ্ট্র, সমাজ, পরিবারের পক্ষ থেকে এ ভয়াল ব্যাধিকে প্রতিরোধে সচেতনতা তৈরি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে সৃজনশীল কাজে ও স্বাবলম্বী হতে।

এর অংশ হিসেবে, জুয়ার সাইট ও অ্যাপগুলো নিয়মিত শনাক্ত করে দ্রুত বন্ধ করার কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে বিদেশি বেটিং সাইটগুলোর প্রক্সি সার্ভার ব্লক করা জরুরি। মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং চ্যানেলে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন শনাক্ত করতে নজরদারি বাড়াতে হবে। জুয়ার সাইটে অর্থ পাঠানোর গেটওয়েগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে। কেবল মূল হোতাদের নয়, যারা পাড়া-মহল্লায় জুয়ার কাজ করছে বা প্রচার চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে হবে। স্কুল-কলেজ পর্যায়ে অনলাইন জুয়ার কুফল নিয়ে পাঠ্যপুস্তকে বা বিশেষ সেমিনারের মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে। অনলাইন জুয়া কোনো অর্থ উপার্জনের পথ নয়, বরং এটি একটি সমাজকে ধ্বংসের সুনিপুণ ফাঁদ। সময় থাকতে প্রশাসন, গণমাধ্যম, সমাজ এবং পরিবার সবাই মিলে এই ক্ষতিকর প্রবণতা রুখে না দাঁড়ালে পুরো জাতি এক গভীর অন্ধকারে তলিয়ে যাবে।

This will close in 5 seconds