প্রস্তাবিত বাজেটে ডিজিটাল অর্থনীতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাট তিনগুণ বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
বর্তমানে অনলাইন বিক্রয়ের কমিশনের ওপর ভ্যাট হার ৫ শতাংশ। তবে প্রস্তাবিত নতুন হার কার্যকর হলে দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ও অনলাইন বিক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এটি দেশের ৫৪তম বাজেট এবং অন্তর্বর্তী সরকারের অধীনে উপস্থাপিত প্রথম বাজেট।

