অটো সিস্টেমে মৃদু কম্পনও শনাক্ত করা যাবে

ভূমিকম্প কোথাও হলেও তা সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা হয়। মাটি কেঁপে উঠলেই যন্ত্রটির সেন্সর কম্পন তরঙ্গকে গ্রাফ আকারে রেকর্ড করে। দেশে বর্তমানে ১৩টি ভূমিকম্প পর্যবেক্ষণাগার (সিসমিক স্টেশন) কার্যক্রম চালাচ্ছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, কক্সবাজার, খাগড়াছড়ি, গঞ্চগড় ও খুলনায় অবস্থিত।

বিশেষজ্ঞদের মতে, সিসমিক স্টেশন যত বেশি হবে ভূমিকম্প নির্ণয়ের একিউরিসি বা নির্ভুলতা তত বেশি হবে। দেশে ১৩টি সিসমিক স্টেশন থাকলেও আরও বেশি সিসমিক স্টেশন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পাশাপাশি অটো এনালাইসিস ব্যবস্থার মাধ্যমে ভূমিকম্প পর্যবেক্ষণের গুরুত্ব বেড়েছে। অটো সিস্টেমে এনালাইসিস ও সিসমিক স্টেশন বাড়ানো- দুটি বিষয়ই সামান্য মাত্রার ভূমিকম্প তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে বড় ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা এমনটাই জানাচ্ছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, চট্টগ্রামে দেশের প্রথম এনালগ সিসমিক স্টেশন স্থাপিত হয় ১৯৫৪ সালে। বর্তমানে দেশে ১৩টি ব্রডব্যান্ড অত্যাধুনিক সিসমি স্টেশন আছে। ভূমিকম্প হলে এই ১৩টি স্টেশন থেকে ইন্টারনেটের মাধ্যমে তরঙ্গ ঢাকার হেডকোয়ার্টারের নেটওয়ার্কে রিয়েল টাইম ওয়েভর্র্মে চলে আসে। সেখানে এগুলো এনলাইসিস করে ফলাফল জানানো হয়।

সিসমিক তরঙ্গ দুটি ধরনের হয়: একটি প্রি-ওয়েভ বা প্রাইমারি ওয়েভ এবং অন্যটি এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। এই তরঙ্গগুলোর হিসাব করে ভূমিকম্পের মাত্রা এবং উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়। আবহাওয়া অধিদপ্তর ম্যানুয়ালি এনালাইসিস করে ১০–১২ মিনিটের মধ্যে বিস্তারিত তথ্য প্রদান করে। বিশ্বের বিভিন্ন দেশে স্বয়ংক্রিয় (অটো) এনালাইসিস সিস্টেম চালু রয়েছে, যা সফটওয়্যারের মাধ্যমে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র ১ মিনিটের মধ্যে প্রাথমিক ফলাফল প্রদান করে। তবে পরে সব তরঙ্গ ম্যানুয়ালি পরীক্ষা করে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।

আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, অনেক সময় ভূমিকম্পের তথ্য বিভিন্ন ওয়েবসাইটে তাৎক্ষকিভাবে চলে আসে। অটোমেটিক একটি ফলাফল দেওয়া হয়। পরে আবার ম্যানুয়ালি বিশ্লেষণ করা হয়। বিশ্বব্যাপী এটাই নিয়ম। তিনি আরও বলেন, ম্যানুয়ালি এনালাইসিসের সময় সংঘটিত ভূমিকম্পের মাত্রার সামান্য হেরফের হতে পারে। এমনকি লোকেশনেরও সামান্য হেরফের হতে পারে। তিনি বলেন, আশা করি অটো এনালাইসিস আমাদেরও হবে। কিন্তু অটো এনালাইসিস হলেও ম্যানুয়াল এনালাইসিস আমরা করব। কারণ, ম্যানুয়ালি ডাটা এনালাইসিস হলো প্রকৃত এনালাইসিস। সেটির আলাদা গুরুত্ব আছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা সাড়ে ৭ বা ৮ হলে সেটি অনেক দূরে থাকা সিসমোমিটারেও ধরা পড়ে। দেশের সিসমোমিটারে বিশ্বের নানা দেশের বড় মাত্রার ভূমিকম্প ধরা পড়ার রেকর্ড আছে। কিন্তু ছোট মাত্রার ভূমিকম্প দুই বা তিন হলে সব স্টেশনে সেটি ধরা পড়ে না। এরকম মাত্রায় ঢাকা স্টেশনের ভূমিকম্প ধরা পড়লে সেটি চট্টগ্রামের সিসমো স্টেশনের ধরা নাও পড়তে পারে। আর এজন্যই আরও সিসমিক স্টেশন তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, দেশের প্রেক্ষাপটে যথেষ্ট সিসমিক স্টেশন রয়েছে। তিনি উল্লেখ করেন, অটো এনালাইসিস সিস্টেম তৈরি করা যায় কিনা তা যাচাই করা হচ্ছে এবং এ বিষয়ে একটি প্রকল্প নেওয়া যেতে পারে। অটো সিস্টেমের মাধ্যমে মাটির গভীরে ছোট মাত্রার ভূমিকম্পও শনাক্ত করা সম্ভব। উদাহরণস্বরূপ, ২ মাত্রার ভূমিকম্প মানুষ অনুভব করতে পারে না, কিন্তু সঠিক সিসমোমিটার থাকলে মেশিন তা শনাক্ত করতে পারবে। তিনি জানান, ঢাকার পরে সিসমিক স্টেশন আছে কুমিল্লা, ময়মনসিংহ ও খুলনায়, যেখানে দূরত্বের একটি বড় ফাঁক রয়েছে। এই ফাঁক ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসা গেলে আরও ভালো ফল পাওয়া যাবে। এছাড়া, একটি ভূমিকম্পের তথ্য তিনটি স্টেশনের তরঙ্গ পাওয়ার পরই নির্ধারণ করা সম্ভব। ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জ ও সাভারে যদি স্টেশন স্থাপন করা হয়, তাহলে কম মাত্রার ভূমিকম্পও সহজে শনাক্ত করা যাবে।